আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আবারও ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।

নিজেস্ব প্রতিবেদক:

ভোরের নীরবতা ভেঙে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উত্তরাঞ্চল। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণ অংশে আঘাত হানে ৬ দশমিক ২ মাত্রার এ কম্পন।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। শুরুতে এর মাত্রা ৬.১ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৬.২ নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং জাপানের আবহাওয়া সংস্থাগুলোও কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জাপানে একাধিক শক্তিশালী ভূমিকম্পের ধারাবাহিকতার মধ্যে এটি নতুন সংযোজন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম জনবসতিপূর্ণ এলাকায় কম্পনের কেন্দ্র হওয়ায় বড় বিপর্যয়ের আশঙ্কাও কম বলে মনে করছে ইউএসজিএস।

তবে জেএমএ সতর্ক করে বলেছে, যেসব এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে সেখানে পাথর ধস ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে অনুরূপ মাত্রার আরও কম্পন হতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সূত্র: জাপান টাইমস

মতামত দিন