জাতীয়
ছবি: সংগৃহীত

দেশজুড়ে মাদক-জুয়ার বিরুদ্ধে,‘জিরো টলারেন্স’ সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সংসদের চলমান অধিবেশন শেষ হলেই সারাদেশে মাদক, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করবে সরকার—এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ৩০ এপ্রিল অধিবেশন শেষ হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে মাঠে নামবে। লক্ষ্য—যুবসমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখা।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্তোরাঁর আড়ালে সিসা লাউঞ্জ পরিচালনার অভিযোগ তোলেন। তার জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী এই কঠোর কর্মসূচির কথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ লড়াইয়ে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি অভিযোগ করেন, আগের সরকার আমলে প্রভাবশালী মহলের সহায়তায় রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় অবৈধ সিসা বার ও মাদককেন্দ্র গড়ে উঠেছিল। বর্তমানে এসব জায়গায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে গুলশানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা সামগ্রী জব্দ করা হয়েছে।

এছাড়া অবৈধ ব্যবসা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজধানীতে চলমান অভিযানের পাশাপাশি ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সিটি কর্পোরেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সব আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত থাকবে।

মতামত দিন