হোয়াটসঅ্যাপ থেকেই মোবাইল রিচার্জ, নতুন ফিচার আনছে মেটা।
মোবাইল রিচার্জ করতে আর আলাদা অ্যাপের প্রয়োজন পড়বে না—এমন একটি নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা তাদের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। খুব শিগগিরই ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই সরাসরি প্রি-পেইড রিচার্জ সম্পন্ন করতে পারবেন।
ইতোমধ্যে হোয়াটসঅ্যাপে ইউপিআই-ভিত্তিক পেমেন্ট সেবা চালু রয়েছে, যার মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ এবং বিভিন্ন বিল পরিশোধ করা যায়। সেই সেবাকে আরও বিস্তৃত করতেই এবার রিচার্জ সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় ডিভাইস ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য অ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।
রিচার্জ প্রক্রিয়াও রাখা হচ্ছে সহজ। ব্যবহারকারীরা চ্যাট স্ক্রিন থেকে ‘অ্যাটাচমেন্ট’ অপশন বা পেমেন্ট মেনুতে গিয়ে ‘মোবাইল রিচার্জ’ নির্বাচন করতে পারবেন। এরপর নম্বর ও অপারেটর ঠিক করে প্রয়োজনীয় প্যাকেজ বেছে নিলেই লেনদেন সম্পন্ন হবে।
অর্থ পরিশোধ ইউপিআইয়ের মাধ্যমে হবে। আগে থেকেই ব্যাংক হিসাব যুক্ত থাকলে সেখান থেকেই সরাসরি টাকা কেটে নেওয়া হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সুবিধা চালু হলে দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ হবে এবং একাধিক অ্যাপ ব্যবহারের ঝামেলাও কমবে।
মতামত দিন