বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

কম দামে বেশি গতির ইন্টারনেট, নতুন ট্যারিফ অনুমোদন বিটিআরসির।

নিজেস্ব প্রতিবেদক:

উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট আরও সহজে পৌঁছে দিতে নতুন মূল্য কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে নির্ধারিত দামের মধ্যে বেশি গতির ইন্টারনেট পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, স্যাম অনলাইন নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে নতুন এই ট্যারিফ অনুযায়ী সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনায় দেখা যাচ্ছে, ৫০০ টাকায় ৩০ এমবিপিএস গতির ইন্টারনেট থেকে শুরু করে ৩ হাজার টাকায় ২৫০ এমবিপিএস পর্যন্ত প্যাকেজ চালু করা যাবে। মাঝামাঝি স্তরে ১০০ এমবিপিএস সংযোগের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা।

বিটিআরসি বলছে, ‘এক দেশ, এক রেট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যান্ডউইডথ অনুযায়ী দামের এই পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সেবার মান ঠিক রাখতে নির্দিষ্ট কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সব সংযোগের ক্ষেত্রে শেয়ারড কন্টেনশন রেশিও সর্বোচ্চ ১:৮ রাখা হবে, যাতে ব্যবহারকারীরা স্থিতিশীল গতি পান।

সংস্থাটির মতে, এই উদ্যোগ কার্যকর হলে দেশের বিভিন্ন অঞ্চলে সমানভাবে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে। পাশাপাশি কম খরচে উচ্চগতির সংযোগ পাওয়ার সুযোগ বাড়বে, যা ডিজিটাল সেবার বিস্তারে সহায়ক হবে।

মতামত দিন