জাতীয়
ছবি: সংগৃহীত

ঘরের ভেতর নেটওয়ার্ক উন্নত করতে ‘ই-জিএসএম’ ব্যান্ডে নতুন উদ্যোগ বিটিআরসির।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লক্ষ্য হলো ঘরের ভেতরসহ সর্বত্র স্থিতিশীল মোবাইল ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১৮ কোটি। এর মধ্যে শহরে ৪০ শতাংশ এবং গ্রাম ও উপশহর এলাকায় ৬০ শতাংশ মানুষ বসবাস করেন। তবে বিশেষ করে গ্রামীণ এলাকা ও ভবনের ভেতরে নেটওয়ার্ক দুর্বলতা, কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের সমস্যা এখনো রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় অপারেটরদের জন্য ‘ই-জিএসএম’ ব্যান্ডে অতিরিক্ত তরঙ্গ বরাদ্দের পরিকল্পনা নিয়েছে বিটিআরসি। এর আগে গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ দেওয়া হয়েছিল।

এবার রবি আজিয়াটা ও বাংলালিংক এই ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ চেয়েছে। বিটিআরসির কাছে বর্তমানে ৮.৪ মেগাহার্টজ ই-জিএসএম তরঙ্গ রয়েছে, যার মধ্যে ৬.৮ মেগাহার্টজ তারা ব্যবহার করতে চায়।

তবে প্রতিবেশী দেশের ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের সিগন্যাল হস্তক্ষেপ হয় কি না, তা যাচাইয়ের জন্য দুই অপারেটরকে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।

রবি জানিয়েছে, ভবনের ভেতরে নেটওয়ার্ক সমস্যা গ্রাহকদের বড় অভিযোগ। ই-জিএসএম চালু হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে বলে তারা আশা করছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি তাদের রয়েছে।

বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফল দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নেটওয়ার্ক কাভারেজ ও ইন্টারনেট সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

মতামত দিন