আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান নিজেদের স্টিল স্ল্যাব ও শিট রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ৩০ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এক নির্দেশনায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশটির স্টিল শিল্পে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে। সেই কারণে সাময়িকভাবে রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, শিল্প খাতের পক্ষ থেকেও কাঁচামাল সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট-রোলড শিট আমদানির পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে আগামী দুই মাসের জন্য কাঁচামাল ব্যবস্থাপনায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান পরিস্থিতি ঘিরে যুক্তরাজ্য সরকার জরুরি বৈঠক ডেকেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সভাপতিত্ব করবেন। ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংকট পরিস্থিতিতে কর্মজীবী মানুষের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণ করতেই এই বৈঠকের আয়োজন।

এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফরে গেছেন। পাকিস্তান ও ওমান সফর শেষে তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছান।

সেখানে পৌঁছে তিনি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন বলে জানান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব নিয়েও মন্তব্য করেন তিনি।

আরাগচি বলেন, এই জলপথ শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার ওপর গুরুত্ব দেন তিনি।

মতামত দিন