জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ বাড়ছে,গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

অন্যদিকে, এই একদিনে সারাদেশে নতুন করে ৯০ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এর বাইরে এক হাজার ৩৫৮ জনের শরীরে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জনের মধ্যে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ১৮ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

মতামত দিন