জাতীয়
ছবি: সংগৃহীত

দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। পুলিশ সদর দপ্তরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমানবন্দরগুলো সবসময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। তবে সাম্প্রতিক চিঠির পর অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমেরই অংশ।

জানা গেছে, পুলিশ সদর দপ্তরের পাঠানো ওই চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষও পেয়েছে। এরপরই সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়।

বর্তমানে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি যাত্রী প্রবেশ ও প্রস্থানের সময় কঠোর তল্লাশি চলছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। তবুও আগাম সতর্কতার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু বিমানবন্দরে রাতের ফ্লাইট না থাকলেও সেখানেও রাতের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তা জোরদার করা শুধু এই চিঠির কারণে নয়, বরং এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেও করা হয়ে থাকে।

প্রসঙ্গত, পুলিশ সদর দপ্তর সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছিল, নিষিদ্ধ একটি সংগঠন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। সেই প্রেক্ষিতেই দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মতামত দিন