কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার বিস্তারিত জানালো র্যাব।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের ছিনতাইচক্রের সন্ধান পেয়েছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন র্যাব-১১ এর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৪ এপ্রিল রাতের দিকে কুমিল্লা শহরে বাস থেকে নামার পর বুলেট বৈরাগীকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় এবং পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে চলন্ত অবস্থায় তাকে ফেলে দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব অভিযান চালিয়ে দ্রুত পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আগে থেকেই ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং পরিবারসহ নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১১ এপ্রিল প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রাম যান এবং ২৪ এপ্রিল রাতে প্রশিক্ষণ শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন।
শেষবার পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয় রাত ১টা ২৫ মিনিটে, যেখানে তিনি জানান তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন সকালে কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মতামত দিন