অপরাধ
ছবি: সংগৃহীত

কুমিল্লার রাজস্ব কর্মকর্তা হত্যায় চাঞ্চল্য, পাঁচজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঘটনাটি নিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও জড়িতদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনে জানানো হবে।

র‌্যাব সূত্রে আরও বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় ও ঘটনার পুরো প্রেক্ষাপট নিয়ে আজ রাজধানীর র‌্যাব মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। চাকরির কারণে পরিবার নিয়ে কুমিল্লা শহরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন তিনি।

ঘটনার আগে তিনি প্রশিক্ষণের কাজে চট্টগ্রামে ছিলেন। প্রশিক্ষণ শেষ করে গত ২৪ এপ্রিল রাতে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। রাতেই পরিবারের সঙ্গে শেষবার কথা হয় তার, তখন তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

একজন সরকারি কর্মকর্তার এমন নৃশংস মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

মতামত দিন