‘জেল খাটতে কেমন লাগে’ সেই কৌতূহল থেকেই ১১ বছরের শিশুকে হত্যা,৬ কিশোর গ্রেপ্তার।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তারই সমবয়সী কয়েকজন কিশোর। পুলিশ জানিয়েছে, ভয়ংকর এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল ‘জেলে যাওয়া কেমন লাগে’—এ ধরনের কৌতূহল ও বিকৃত মানসিকতা।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নিহত হোসাইন শহরে তার বাবার সঙ্গে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকালে সে নিখোঁজ হয়। পরে তদন্তে জানা যায়, তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, ফতুল্লা রেলস্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়মিত আড্ডা দিত কয়েকজন কিশোর, যারা মাদক সেবনের সঙ্গেও জড়িত ছিল। সেখানেই তারা প্রথমে হোসাইনকে ফাঁদে ফেলে নিয়ে যায়।
তদন্তে উঠে এসেছে, সাইফুল, তানভীর ও ইউনুস নামের তিন কিশোর নিজেদের মধ্যে আলোচনা করে অপরাধের ‘অভিজ্ঞতা’ নিতে চায়। এরপর গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে হোসাইনকে ওই স্থানে নিয়ে যাওয়া হয়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাহাত, ইয়াসিন ও ওমরসহ সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ পরিত্যক্ত ভবনে ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আরও কয়েকজনকে আটক করা হয়। মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ, যার মধ্যে চারজন এজাহারভুক্ত। একজন এখনও পলাতক রয়েছে।
এছাড়া হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন