নারী প্রধান পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মতো এলপিজি কার্ড তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী।
নারী প্রধান পরিবারের মা-বোনদের জন্য নতুন সহায়তা হিসেবে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রান্নার জ্বালানি নিয়ে ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারীদের জীবন সহজ করতে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণ করা হচ্ছে।
তারেক রহমান বলেন, আগে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী প্রধান পরিবারগুলোকে সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে এলপিজি কার্ড, যা বিশেষভাবে মা-বোনদের রান্নার জ্বালানি সংকট মোকাবিলায় সাহায্য করবে।
তিনি আরও বলেন, ধাপে ধাপে দেশের প্রতিটি গ্রামে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নারীকে এই কাভারেজের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন