ইরান-যুক্তরাষ্ট্র অচলাবস্থা, বাড়ল জ্বালানি তেলের দাম।
কূটনৈতিক অগ্রগতি থেমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা এগোয়নি—এই খবর ছড়াতেই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।
রোববার লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। গ্রিনউইচ সময় রাত সাড়ে ১২টার দিকে প্রতি ব্যারেল ব্রেন্টের মূল্য দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ ডলারে, যা সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।
তবে তেলের বাজারে উত্তেজনা থাকলেও শেয়ারবাজারে তেমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং এশিয়ার বড় বড় সূচকগুলো দিন শুরু করেছে ঊর্ধ্বমুখী ধারায়।
জাপানের নিক্কেই ২২৫ সূচক সকালে প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ১.৫ শতাংশের মতো উত্থান দেখিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বিনিয়োগকারীরা আপাতত পরিস্থিতিকে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখছেন না, তাই শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।
সূত্র: আল-জাজিরা

মতামত দিন