হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট সংখ্যা দাঁড়াল ৪।
চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সর্বশেষ মক্কায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন ময়মনসিংহের মো. সিরাজুল হক পাগলা ও দিনাজপুরের মো. খলিলুর রহমান। মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ অফিস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে, বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে। সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে মোট ৩৫ হাজার ৭৬৬ জন যাত্রী সেখানে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন।
ফ্লাইট পরিচালনায় অংশ নিচ্ছে তিনটি এয়ারলাইন্স। মোট ৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট।
পরিবহন পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সবচেয়ে বেশি ১৫ হাজার ৭৪৮ জন যাত্রী গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাসে ৭ হাজার ৫৪৯ জন যাত্রী ভ্রমণ করেছেন।
এদিকে, হজযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সৌদি আরবে চালু করা সেবাকেন্দ্রগুলো সক্রিয় রয়েছে। এসব কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসাসেবা এবং আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা প্রদান করা হয়েছে।

মতামত দিন