আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল খনন ও ৫০০ শয্যার হাসপাতাল।
যশোর শহরজুড়ে এখন ব্যস্ততা—সাজসজ্জা, নিরাপত্তা আর আয়োজন। কারণ, আগামীকাল (২৭ এপ্রিল) সেখানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে শার্শায় খাল খনন কার্যক্রম পরিদর্শন, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং শহরের ঈদগাহ ময়দানে একটি জনসভায় যোগদান।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জনসভাস্থল ঈদগাহ ময়দানসহ বিভিন্ন পরিদর্শন এলাকা সাজানো হয়েছে নতুনভাবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, এই সফর যশোর অঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে। জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু জানান, দিনের কর্মসূচি শেষে বিকেলে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম যশোর সফর। এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেলাটি সফর করেছিলেন।

মতামত দিন