হাতিয়ায় অভিযান, ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১।
নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাট সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫টি ব্যারেলে রাখা মোট ২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ করেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি একই ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জব্দকৃত তেল অবৈধভাবে মজুত করে বাজারে সংকট তৈরির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছিল।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, উদ্ধার করা তেল তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন