নতুন বাসভাড়া প্রকাশ করল বিআরটিএ,দূরপাল্লার রুটে স্পষ্ট হলো ভাড়ার চিত্র।
জ্বালানি তেলের দাম বাড়ার পর কয়েকদিনের বিভ্রান্তি কাটিয়ে অবশেষে দূরপাল্লার বাসভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ। এতে দেশের গুরুত্বপূর্ণ আন্তজেলা রুটগুলোতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকার সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের বাসভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে।
দূরপাল্লার মধ্যে ঢাকা-টেকনাফ রুটে ভাড়া সবচেয়ে বেশি ধরা হয়েছে। ৫১ আসনের বাসে এই রুটে ভাড়া ১ হাজার ৪৭ টাকা, আর ৪০ আসনের ক্ষেত্রে ১ হাজার ৩৩৫ টাকা। ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটেও ভাড়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
উত্তরাঞ্চলের রুটগুলোতেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। গাবতলী থেকে পঞ্চগড়, রংপুর ও দিনাজপুরগামী বাসগুলোর ভাড়া ৭০০ থেকে ১ হাজার টাকার বেশি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা বাসের আসনসংখ্যা অনুযায়ী ভিন্ন হচ্ছে।
অন্যদিকে মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটে তুলনামূলক কম দূরত্ব হওয়ায় ভাড়াও কম রাখা হয়েছে।
এর আগে ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয়ের ঘোষণা দিলেও বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন রুটে ভাড়া নিয়ে অভিযোগও ওঠে।
জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই এই ভাড়া সমন্বয় করা হয়েছে। ১৮ এপ্রিল জ্বালানির নতুন মূল্য নির্ধারণের পর ডিজেল, পেট্রল ও অকটেনের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাসভাড়া সামান্য বাড়ানো হয়েছে। আন্তজেলা রুটেও একইভাবে ভাড়া সমন্বয় করা হয়েছে, তবে ন্যূনতম ভাড়া আগের মতোই বহাল রাখা হয়েছে।

মতামত দিন