কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা নিহত ১৪ ,আহত ৩৮ জনের বেশি।
কলম্বিয়ার কাউকা অঞ্চলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জনের বেশি, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় কাজিবিও এলাকার এল টুনেল অংশে প্যান-আমেরিকান মহাসড়কে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কাউকার গভর্নর অক্টাভিও গুজমান।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত পাঁচজন অপ্রাপ্তবয়স্ক। ঘটনাটিকে তিনি সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত হয় একাধিক যানবাহন।
দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘ইভান মোরদিস্কো’ নামে পরিচিত একটি নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
এদিকে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
একই সময়ে ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা জোরদারসহ জরুরি সহায়তা চেয়েছেন।
সূত্র: আনাদোলু

মতামত দিন