ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ মৌসুমে কড়াকড়ি, নিয়ম ভাঙলে গুনতে হতে পারে ৩২ লাখ টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

হজ মৌসুমকে সামনে রেখে বিধিনিষেধ আরও কঠোর করেছে সৌদি আরব। অনুমোদন ছাড়া হজ পালনে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ৩২ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সেখানে বলা হয়, ভিজিট ভিসা নিয়ে আসা কেউ হজের নিয়ম লঙ্ঘন করলে তাকে আশ্রয় দেওয়া বা সহযোগিতা করাও অপরাধ হিসেবে গণ্য হবে।

হোটেল, ভাড়া বাসা, অ্যাপার্টমেন্ট কিংবা ব্যক্তিগত বাসস্থান—যেখানেই এমন ব্যক্তিদের রাখা হোক না কেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্রয়ই নয়, অবৈধভাবে মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করা, লুকিয়ে রাখা বা পরিবহনে সহযোগিতাও একই অপরাধের আওতায় পড়বে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো হজ মৌসুমজুড়ে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। কোনো ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঠিক রাখতে নাগরিকদের সহযোগিতা জরুরি। পাশাপাশি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিধি লঙ্ঘনের তথ্য জানাতে বিভিন্ন অঞ্চলের জন্য জরুরি যোগাযোগ নম্বরও চালু করেছে কর্তৃপক্ষ, যাতে দ্রুত অভিযোগ জানানো যায়।

মতামত দিন