অর্থনীতি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ওঠানামার মধ্যে স্বর্ণের দাম, দেশে নতুন দর নির্ধারণ।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে। একদিকে সাময়িকভাবে দাম বাড়লেও সাপ্তাহিক হিসেবে পতনের ধারা দেখা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাজারে প্রভাব ফেলছে বলে জানিয়েছে রয়টার্স।

সর্বশেষ লেনদেনে দেখা যায়, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে পৌঁছায়। দিনের শুরুর দিকে এই বৃদ্ধি ১ শতাংশেরও বেশি ছিল, তবে পরবর্তীতে তা কমে আসে এবং সপ্তাহজুড়ে মোট দামে প্রায় ২ শতাংশ পতন রেকর্ড হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। জুন ডেলিভারির স্বর্ণ ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে স্থির হয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বর্ণবাজারে অস্থিরতা তৈরি করছে।

দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দামে নতুন সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন মূল্য কার্যকর হয়েছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে, যেখানে ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকায়।

মতামত দিন