খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় শ্রীলঙ্কার।

নিজেস্ব প্রতিবেদক:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও শেষ পর্যন্ত আর পারলো না বাংলাদেশ নারী দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ হার নিশ্চিত হয়েছে নিগার সুলতানার দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এই ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী লড়াইয়ে পরিণত হয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা।

ইনিংসে একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স আসে সোবানা মোস্তারির ব্যাট থেকে। পাঁচ নম্বরে নেমে তিনি ৮০ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, মারেন ৮টি চার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪০ রান করলেও তার ব্যাটিং ছিল ধীরগতির—৯০ বল খেলে মাত্র একবার বাউন্ডারি হাঁকান তিনি।

শারমিন আক্তার ২৫ এবং রিতু মনি ২০ রানের অবদান রাখলেও বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রানে থামে তাদের ইনিংস।

লঙ্কান বোলারদের মধ্যে কাভিশা দিলহারি ৪৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে সফলতম ছিলেন। ২ উইকেট নেন নিমাশা মিপাগে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। ওপেনার চামারি আথাপাত্থু দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলহানি।

দুজন মিলে গড়ে তোলেন ১০৮ রানের জুটি, যা বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই শেষ করে দেয়। দুলহানি ৭৯ বলে ৫৬ রান করে ফিরলেও হাসিনি খেলেন অসাধারণ ইনিংস।

জয়ের খুব কাছে গিয়ে আক্ষেপ নিয়ে থামতে হয় তাকে। সেঞ্চুরির দোরগোড়ায় এসে ১৩১ বলে ৯৫ রানে আউট হন তিনি। এর মধ্যে ছিল ১৩টি চার।

শেষদিকে হার্শিতা সামাবিক্রমা ৫১ বলে ৪৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা ৪৯ রানে ২ উইকেট নেন। আর মোস্তারি ২ ওভারে ১২ রান খরচায় পান ১টি উইকেট।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা নারী দল।

মতামত দিন