১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ
ঢাকায় চলচ্চিত্র বিনিয়োগকে কেন্দ্র করে বড় অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান জানান, ১৩ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান নামের এক ব্যক্তি মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই এ গ্রেপ্তার।
তদন্ত সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ধাপে ধাপে বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়। নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংক, স্ট্যাম্প ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও টাকা গ্রহণের অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ সময় পার হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। উল্টো যোগাযোগের সময় নানা অজুহাত ও হুমকির মতো পরিস্থিতি তৈরি করা হয়।
ভুক্তভোগী মিজানুর রহমান দাবি করেন, ব্যক্তিগত পরিচয়ের সুযোগ নিয়ে তাকে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়েছিল। পরে প্রতারণার বিষয়টি বুঝে তিনি আইনের আশ্রয় নেন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে পূজা চেরি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং পুরো বিষয়টি আদালতের বিচারাধীন।

মতামত দিন