ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর।
রাজধানীর বিভিন্ন সড়ক থেকে সরিয়ে দেওয়া হকারদের জন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণে দেরি করা যাবে না। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করে এমন জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, হকারদের জন্য আলাদা নির্ধারিত বাজার বা স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তাদের তালিকাভুক্ত করার জন্য একটি নিবন্ধন ও পরিচয়পত্র ব্যবস্থাও চালুর কথা বলা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে আনা যায়।
বৈঠকে রাজধানীর যানজট নিয়েও আলাদা আলোচনা হয়। বিশেষ করে স্কুল-কলেজের শুরু ও ছুটির সময় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে আনার বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনে স্কুল-কলেজের নিজস্ব মাঠ বা জায়গার একটি অংশ পার্কিং ব্যবহারের জন্য বিবেচনা করা যেতে পারে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিরপুর-১, মতিঝিল, পল্টন, গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় শত শত হকার ও দোকান উচ্ছেদ করা হয়।

মতামত দিন