আবহাওয়া
ছবি: সংগৃহীত

২১ জেলায় গরমের তীব্রতা আরও বাড়ার শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশেই গরমের তীব্রতা কিছুটা স্থিতিশীল থেকে উচ্চমাত্রায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর, ফেনীসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। এসব এলাকার কোথাও কোথাও পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

একই সঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃষ্টিপাতের সম্ভাবনা প্রসঙ্গে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৬ মিলিমিটার।

মতামত দিন