শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এক কলেজ শিক্ষার্থীর হাতে তৈরি ছোট রেসিং কার ‘গো-কার্ট’ নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনাকে ঘিরে সেখানে ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়।
রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী নিজের উদ্যোগে ও নকশায় সম্পূর্ণভাবে গো-কার্টটি তৈরি করেন। তার এই উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী সেটি সরাসরি পর্যবেক্ষণ করেন।
ঘটনাস্থলে গাড়িটির গঠন, যান্ত্রিক অংশ এবং ইঞ্জিনের কার্যকারিতা ঘুরে দেখেন তিনি। এ সময় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনের এক পর্যায়ে তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই স্টিয়ারিং হাতে নেন এবং কিছুক্ষণ গো-কার্টটি চালিয়ে দেখেন। পুরো সময় তিনি শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তার সৃজনশীল কাজের প্রশংসা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়ভাবে সংগ্রহ করা যন্ত্রাংশ ও হালকা ধাতব ফ্রেম ব্যবহার করে গো-কার্টটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানস্থলে উপস্থিতরা বলেন, এমন ব্যবহারিক উদ্ভাবন তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতামত দিন