১৫ ঘণ্টা চালুর পর ফের বন্ধ বড়পুকুরিয়ার ১নং ইউনিট, পুরো কেন্দ্র অচল।
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট আবারও বন্ধ হয়ে গেছে। মাত্র ১৫ ঘণ্টা চালু থাকার পর যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটে বয়লারের টিউব ফেটে যাওয়ার ঘটনা ঘটে। এরপরই তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ রাখা হয়েছে এবং বয়লারের ভেতরের বাষ্প সম্পূর্ণ ঠান্ডা হতে সময় লাগবে। তার মতে, মেরামত ও পুনরায় চালু করতে প্রায় পাঁচ থেকে ছয় দিন সময় প্রয়োজন হতে পারে।
এর আগে বুধবার রাত ১০টার দিকে একই ইউনিটটি প্রথমে বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ ৪৬ ঘণ্টা মেরামতের পর শুক্রবার রাতে এটি পুনরায় উৎপাদনে ফেরে। তবে চালুর খুব অল্প সময়ের মধ্যেই আবার ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটই এখন অচল অবস্থায় রয়েছে। এতে দিনাজপুরসহ উত্তরের অন্তত আট জেলার বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
মতামত দিন