ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি বাংলাদেশি পৌঁছেছেন সৌদি আরবে।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের হজ যাত্রা ধাপে ধাপে এগোচ্ছে। এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। পাশাপাশি আজ আরও পাঁচটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিমান সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের ৩৫টি ফ্লাইটে গেছেন ১৪ হাজারের বেশি হজযাত্রী। অন্যদিকে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজারের বেশি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে সাড়ে ৭ হাজারের বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এ পর্যন্ত মোট ৭৮ হাজারের বেশি হজযাত্রী ভিসা পেয়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাত্রীর সংখ্যা ৪ হাজারের কিছু বেশি এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজারের বেশি মানুষ।

এদিকে হজ কার্যক্রম শুরু হয়েছিল গত ১৭ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে। ওই দিন ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম দলটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

ধর্ম মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে অংশ নেবেন। তাদের বড় অংশই বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। পুরো প্রক্রিয়ায় প্রায় ৬৬০টি এজেন্সি ও সহযোগী প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন