জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে যেসব শিশু মারা গেছে, তাদের সবাইকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২৯ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে, বাকিরা সন্দেহভাজন অবস্থায় রয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে। এই সময়ে মোট ৩০ হাজার ৬০৭ জনকে হাম সন্দেহে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এই সময়ের মধ্যে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ জন।

এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২ জন নিশ্চিতভাবে আক্রান্ত ছিল, আর বাকি ২০৯ জন সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত ও ঝুঁকির দিক থেকে সবচেয়ে বেশি চাপ রয়েছে ঢাকা বিভাগে। এরপর পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক।

মতামত দিন