অর্থনীতি
ছবি: সংগৃহীত

বন্ধের পর পুনরায় চালু বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিট।

নিজেস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট আবারও উৎপাদনে ফিরেছে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই দিন বন্ধ থাকার পর বয়লার পাইপ মেরামত শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

বিদ্যুৎকেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টা ৭ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি সচল করা হয়। বর্তমানে এখান থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে বুধবার রাত ১০টা ১০ মিনিটে বয়লারের পাইপে ত্রুটি দেখা দেওয়ায় ১নং ইউনিটটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। জরুরি মেরামত কাজের পর ৪৬ ঘণ্টা পর এটি আবার চালু করা সম্ভব হয়।

কেন্দ্রের অন্যান্য ইউনিটের অবস্থাও স্বাভাবিক নয়। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং আগামী মে মাসে এটি চালুর চেষ্টা চলছে। অন্যদিকে ১২৫ মেগাওয়াটের ২নং ইউনিট এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

পুরো কেন্দ্রটি একাধিক ইউনিট নিয়ে গঠিত হলেও দীর্ঘদিন ধরেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। যান্ত্রিক জটিলতা ও রক্ষণাবেক্ষণ সমস্যায় বারবার উৎপাদন ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, ২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার ওপর ভিত্তি করে এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। পরে ২০১৭ সালে তৃতীয় ইউনিট যুক্ত হলে মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে শুরু থেকেই কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় ধারাবাহিক উৎপাদন ধরে রাখতে পারেনি।

মতামত দিন