অর্থনীতি
ছবি: সংগৃহীত

আইএমএফের চাপ নয়, ভর্তুকি ও অনিয়ম রোধেই তেলের দাম সমন্বয়: পরিবহণমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

আইএমএফের কোনো ধরনের চাপের কারণে নয়, বরং জ্বালানি খাতে দীর্ঘদিনের ভর্তুকির ভার কমানো এবং অনিয়ম নিয়ন্ত্রণের লক্ষ্যেই সরকার তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ, রেল ও নৌপরিবহণ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি খাতে রাষ্ট্রীয় ভর্তুকির চাপ অনেক দিন ধরেই বেড়ে চলেছিল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেই চাপ বহন করা কঠিন হয়ে পড়ায় বাধ্য হয়েই সরকার দাম সমন্বয়ের পথে গেছে। তার দাবি, এটি জনস্বার্থ বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।

তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি জানান, শুধুমাত্র ডিজেলচালিত পরিবহনেই এর প্রভাব পড়বে। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানোর কোনো ভিত্তি নেই, কারণ গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে বাসভাড়াও কমানো হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে আলাদা কোনো সভার প্রয়োজন হবে না, প্রজ্ঞাপন জারির মাধ্যমেই সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে অটোরিকশা নিয়ন্ত্রণের ইঙ্গিত দেন মন্ত্রী। তিনি বলেন, প্রধান সড়কে এসব যানবাহনের অতিরিক্ত চলাচল নগরজীবনে চাপ সৃষ্টি করছে। তাই ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত বা নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিলে গত ১৮ এপ্রিল দেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে আন্তঃজেলা ও মহানগর রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

মতামত দিন