জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর ১১ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক ‘ফুয়েল পাস’।

নিজেস্ব প্রতিবেদক:

জ্বালানি খাতকে আরও নিয়ন্ত্রিত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে এসব স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও কিউআর কোড যাচাই ছাড়া জ্বালানি সরবরাহ দেওয়া হবে না।

যেসব ফিলিং স্টেশনকে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরা এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন।

এ ছাড়া তেজগাঁও শিল্প এলাকার সততা অ্যান্ড কোম্পানি, মিরপুরের ইব্রাহিমপুরে দিপ্ত ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের কামাল ট্রেডিং এজেন্সি এবং গাবতলীর এসপি ফিলিং স্টেশন লিমিটেডও তালিকায় আছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আওতাধীন তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরের সেবা গ্রীন ফিলিং স্টেশন ও মিরপুর-২-এর স্যাম অ্যাসোসিয়েটসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশনও এই তালিকায় রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বাড়ানো এবং অপব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মতামত দিন