জাতীয়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে হাওড় অঞ্চলে বন্যার শঙ্কা, আগাম সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাসের কারণে সুনামগঞ্জের হাওড় এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে—হাওড় অববাহিকা ও উজান অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টির প্রভাবে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীসহ সংশ্লিষ্ট উপনদীগুলোর পানি বাড়তে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ২৮ এপ্রিলের পর কোনো কোনো স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও, ব্যবধান খুব বেশি নয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে বলা হয়েছে, এটি এখনো প্রায় ১ দশমিক ৭৬ মিটার নিচে রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে পারে।

এ অবস্থায় হাওড় অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় কৃষকদের দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব জমির ধান প্রায় পুরোপুরি পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার আহ্বান জানানো হয়েছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়।

মতামত দিন