আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টি খুন, গ্রেপ্তার সন্দেহভাজন।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত শনিবার (২৫ এপ্রিল) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

তিনি বলেন, পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে জানায়—একটি বাসা থেকে উদ্ধার করা রক্তাক্ত দেহাংশের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে। তবে সম্পূর্ণ মরদেহ পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় নিয়োজিত ছিলেন।

এ ঘটনায় পরিবার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছে।

এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানানো হয়।

এই দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি নিহত জামিলের রুমমেট বলে জানা গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় যুক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

মতামত দিন