জাতীয়
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা বন্ধ, আজ থেকে কার্যকর নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

হ্রদের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরই নির্দিষ্ট সময়ের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশেষ করে কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার মৌসুম হওয়ায় এ সময়ে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদ দেশের অন্যতম প্রাকৃতিক প্রজননক্ষেত্র। এ সময় মাছ ধরা বন্ধ থাকলে মা মাছ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এবং পোনা মাছের বৃদ্ধি নিশ্চিত হয়।

নিষেধাজ্ঞা কার্যকর করতে হ্রদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে টহল জোরদার করবে। বরফকলগুলোও এই সময়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় খাদ্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ২৬ হাজার ৮৪৫টি পরিবারকে দুই মাসে মোট ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

আগামী ২ মে এ সহায়তা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। একই দিন হ্রদে কার্প জাতীয় মাছের পোনাও অবমুক্ত করা হবে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং চেকপোস্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন