মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে টোল ছাড় দিল ইরান।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারকারী কিছু দেশের জন্য টোল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম এই নৌপথে চলাচলে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) এই তথ্য প্রকাশ্যে আসে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, নির্বাচিত কয়েকটি দেশের জন্য এই ছাড় কার্যকর করা হয়েছে। তবে এটি দীর্ঘমেয়াদে বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তার ভাষ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য এ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে এবং রাশিয়া ইতোমধ্যে সেই তালিকায় রয়েছে। তবে অন্যান্য দেশের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে, মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রমের জন্য বিভিন্ন দেশ ও জাহাজ মালিকরা তেহরানের সঙ্গে যোগাযোগ করছে। যেসব দেশকে ইরান ঘনিষ্ঠ মনে করে, তাদের জন্য সামরিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।
সেই সময় তিনি বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ করে বলেন, এসব দেশের জাহাজ চলাচলে বিশেষ বিবেচনা দেওয়া হচ্ছে।

মতামত দিন