জাতীয়
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, বন্ধ বাস চলাচল।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁদা আদায়কে ঘিরে শ্রমিক সংগঠনগুলোর বিরোধ চরমে ওঠায় চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকেই এ কর্মবিরতি শুরু হয়, ফলে দূরপাল্লা থেকে শুরু করে স্থানীয় সব রুটে পরিবহন বন্ধ হয়ে পড়ে।

এতে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। অনেকেই গন্তব্যে যেতে না পেরে টার্মিনালেই আটকে পড়েন।

শ্রমিকদের পক্ষ থেকে জানা যায়, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উসকে ওঠে। মূল সমস্যা চাঁদা আদায়—দুটি সংগঠনই আলাদাভাবে বাস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ।

ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার দাবি করেন, আগে যৌথভাবে চাঁদা তোলা হলেও এখন মোটরশ্রমিক ইউনিয়ন এককভাবে নতুন পয়েন্টে টাকা নিচ্ছে। তিনি জানান, এর প্রতিবাদেই ধর্মঘট ডাকা হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে।

অন্যদিকে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত এসব অভিযোগ নাকচ করে বলেন, তারা নিয়ম অনুযায়ী কাজ করছেন। তার অভিযোগ, ট্রাক শ্রমিক সংগঠনই বাস থেকে অবৈধভাবে চাঁদা তুলছে।

এদিকে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোটরশ্রমিক ইউনিয়ন জানিয়েছে, দ্রুত সমাধান না এলে বাসের পাশাপাশি পণ্যবাহী যানও বন্ধ করে দেওয়া হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, দুই পক্ষকে নিয়ে আলোচনার চেষ্টা করা হলেও এখনো কোনো সমঝোতা হয়নি। তিনি সতর্ক করে বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিরোধ না মিটায় পরিবহন চলাচল বন্ধই রয়েছে এবং জেলার বিভিন্ন টার্মিনালে উত্তেজনা বিরাজ করছে।

মতামত দিন