উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার।
বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র ব্যবহারের ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এ সিদ্ধান্ত দেন।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার ফলাফল ও প্রক্রিয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়।
ঘটনাটি প্রকাশ্যে এলে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে এবং প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পায়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দুইজনকে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ইউএনও মো. আলী সুজা বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়ায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হবে।

মতামত দিন