জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে ২১ হাজারের বেশি নদী দখলদার শনাক্ত: নৌপরিবহনমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে জানানো হয়েছে, দেশে নদ-নদীর অবৈধ দখলদারের সংখ্যা ২১ হাজার ৯৮২ জন। জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকার ভিত্তিতে এই তথ্য উপস্থাপন করা হয়।

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, অবৈধ দখলদারদের তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসককে উচ্ছেদ পরিকল্পনা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। তালিকা যাচাই শেষে পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

এদিকে, সংসদে ফেরি ও নৌযান সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বর্তমানে বিআইডব্লিউটিসির বহরে মোট ৪৭টি চলাচলযোগ্য ফেরি রয়েছে। এর মধ্যে রো-রো, মিডিয়াম, ইমপ্রুভড মিডিয়াম ও ইউটিলিটি ধরনের ফেরি অন্তর্ভুক্ত।

তিনি আরও জানান, নতুন ফেরি ও জলযান সংযোজনের পাশাপাশি কয়েকটি শিপইয়ার্ড নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় নতুন ফেরি যুক্ত হওয়ার কাজও এগিয়ে চলছে।

পায়রা বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুতগতিতে চলছে। আন্ধারমানিক নদীর ওপর সেতু ও সংযোগ সড়ক নির্মাণ শেষ হলে আগামী বছরের শুরুতেই বন্দরটি পুরোপুরি চালু করার আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নাব্যতা রক্ষায় রাবনাবাদ চ্যানেলে খনন কার্যক্রম এবং নিজস্ব খনন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরে বন্দরের পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব হবে।

মতামত দিন