এইচএসসি ফরম পূরণের সময় বাড়ালো শিক্ষা বোর্ড।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিলম্ব ফি পরিশোধ সাপেক্ষে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে পারবে। এই সুযোগ ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বোর্ড। সেই রুটিন অনুযায়ী আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন