রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকায় জরুরি সাংগঠনিক সভা ডাকল ছাত্রদল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি সাংগঠনিক সভা আহ্বান করেছে। এতে কেন্দ্রীয় সংসদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ নেতাদের অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এই সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং জাতীয় পর্যায়ের একাধিক বিশ্ববিদ্যালয়ের নেতাদেরও এতে অংশ নিতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ ও কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেবেন।

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন বিভিন্ন ইউনিটের নেতাদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ উপস্থিত থাকবেন।

সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে।

মতামত দিন