আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার তিন কারণ জানাল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। তার মতে, কয়েকটি মৌলিক প্রতিবন্ধকতার কারণে এই সংলাপ এগোতে পারছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতি, নৌ অবরোধ বজায় রাখা এবং ক্রমাগত হুমকিমূলক অবস্থান—এসবই আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হিন্দুস্থান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে।

পেজেশকিয়ান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তবে তিনি জোর দিয়ে জানান, ইরান কখনোই কূটনৈতিক সমাধান বা আলোচনার বিপক্ষে অবস্থান নেয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও নির্ধারিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। চলতি সপ্তাহে পাকিস্তানে ওই বৈঠক হওয়ার কথা ছিল।

ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের অনুরোধেই তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন এবং ইরানের কাছ থেকে একটি সমন্বিত প্রস্তাব প্রত্যাশা করছেন। একই সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কাজ করছে বলেও জানা গেছে।

তবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়ে গেছে। একদিকে ইরানের কয়েকটি জাহাজ জব্দের খবর পাওয়া গেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে।

মতামত দিন