বিশ্বজুড়ে ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘মাইকেল’, একই দিনে প্রদর্শিত হবে বাংলাদেশেও।
পপ সংগীতের ইতিহাসে যিনি এক অপ্রতিদ্বন্দ্বী নাম—মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে তিনি এখনো “কিং অব পপ” হিসেবেই জায়গা ধরে রেখেছেন।
বর্তমানে স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন, যা প্রমাণ করে আজও তার সঙ্গীত কতটা প্রাসঙ্গিক। তাই তার জীবনভিত্তিক সিনেমা ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি দেখানো হবে স্টার সিনেপ্লেক্সে।
সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ারসহ আরও অনেককে।
এই বায়োপিকে শুধু মঞ্চের তারকা মাইকেল নয়, বরং তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং জ্যাকসন ফাইভ থেকে একক ক্যারিয়ারে উঠে আসার গল্পও তুলে ধরা হয়েছে।
তার বাবা জো জ্যাকসনের চরিত্রে কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়া লং অভিনয় করেছেন। এছাড়া বোন লাটোয়া জ্যাকসনসহ সংগীত জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও সিনেমায় দেখানো হবে।
ছোটবেলায় জ্যাকসন ফাইভ ব্যান্ডের মাধ্যমে শুরু হওয়া মাইকেলের যাত্রা ধীরে ধীরে তাকে বিশ্ব সংগীতের শীর্ষে নিয়ে যায়—এই উত্থান-পতনের গল্পই সিনেমার মূল কেন্দ্রবিন্দু।
ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে। মাত্র ২৪ ঘণ্টায় টিজারের ১১৬ মিলিয়নের বেশি ভিউ হয়েছিল, যা রেকর্ড গড়ে। ট্রেলারও দ্রুতই লাখ লাখ দর্শক দেখে ফেলেছে।
বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে এই সিনেমা। বাংলাদেশেও দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক দর্শক আগেই টিকিটের খোঁজ করছেন। তাদের প্রত্যাশা, মাইকেল জ্যাকসনের এই বায়োপিক দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাবে।
মতামত দিন