খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে আনার প্রস্তাব,ট্রাম্পের দূতের দাবি ঘিরে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন এক বিতর্ক সামনে এসেছে। ইরানের জায়গায় ইতালিকে অংশগ্রহণ করানোর একটি প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ দূত।

ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটি মূলত কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি অংশ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন কমানোর চেষ্টা হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি জানিয়েছেন, তিনি ফিফা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতালিকে বিশ্বকাপে ইরানের পরিবর্তে অন্তর্ভুক্ত করার বিষয়টি উত্থাপন করেছেন। তার দাবি, অভিজ্ঞ ও সফল দল হিসেবে ইতালির উপস্থিতি প্রতিযোগিতার মান বাড়াবে।

তবে এখনো পর্যন্ত ফিফা, হোয়াইট হাউস কিংবা ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক বাছাইপর্বে ব্যর্থ হয়ে ইতালি টানা তিনবার বিশ্বকাপে জায়গা করতে পারেনি। বিপরীতে ইরান টানা চার আসরে জায়গা করে নিয়েছে, যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা রয়েছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচই অনুষ্ঠিত হবে এবং কোনো দল পরিবর্তনের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এদিকে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এখনো বিশ্বকাপ প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার ওপর নির্ভর করছে।

নিয়ম অনুযায়ী কোনো দল প্রতিযোগিতা থেকে সরে গেলে বিকল্প দল নির্বাচনের ক্ষমতা ফিফার হাতে থাকে। সেই ক্ষেত্রে অন্য দল নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে। ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে হওয়ার কথা রয়েছে।

মতামত দিন