জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি নিরাপত্তা ও রিফাইনারি সংকট নিয়ে মন্তব্য করলেন সেনাপ্রধান।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার বা রিফাইনারি গড়ে না ওঠা অত্যন্ত অপ্রত্যাশিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ দেশে মাত্র একটি রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) থাকায় মোট চাহিদার খুব সামান্য অংশই পরিশোধন করা সম্ভব হচ্ছে। ফলে বড় অংশের জ্বালানি বিদেশ থেকে শোধিত অবস্থায় আমদানি করতে হচ্ছে, এতে ব্যয়ও বেড়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৪৫ জন ফেলো অংশ নেন। কোর্সে অংশগ্রহণকারীরা জানান, এটি কৌশলগত চিন্তা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হয়েছে।

সমাপনী বক্তব্যে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং দেশের টেকসই উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মতামত দিন