জাতীয়
ছবি: সংগৃহীত

উন্নয়ন কাজের জন্য কাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

উন্নয়ন প্রকল্পের কাজের কারণে সাভার ও আশুলিয়া এলাকার বড় অংশে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাস জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টায় তা পুনরায় চালু করা হবে। জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের বিস্তীর্ণ এলাকায় এ সময় গ্যাস থাকবে না। এর মধ্যে ঢাকা ইপিজেড, সাভার ক্যান্টনমেন্ট, সাভার টাউন, রেডিও কলোনি, ব্যাংক টাউন, জিরাবো, কাঠগড়া, গাজীরচট, পল্লীবিদ্যুৎ, বড় আশুলিয়া, ডেন্ডাবর, চন্দ্রা, শ্রীপুর, কাশিমপুর, সারদাগঞ্জ, নবীনগর, উলাইল, নয়ারহাট, ধামসোনা ও লতিফপুরসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানেও এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরও জানিয়েছে, প্রধান লাইনের কাজের প্রভাব আশপাশের এলাকাতেও পড়তে পারে এবং কোথাও কোথাও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন