দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আরও কত দিন চলবে জানালো আবহাওয়া অফিস।
দেশজুড়ে টানা তিন দিন ধরে চলা তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ২৬ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি আপাতত অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ২৫ এপ্রিলের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ২৬ এপ্রিলের পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যা মাসের শেষ পর্যন্ত চলতে পারে। এতে গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৭ এপ্রিলের পর দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।
আজ সকাল ৯টা থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–একটি জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে।

মতামত দিন