আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি তেলবাহী তিন ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি বন্দর ও নৌপথে কড়াকড়ি অবরোধ ঘোষণার পরপরই এ ঘটনা ঘটল।

মার্কিন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, জব্দ হওয়া জাহাজ তিনটি হলো ‘ডিপ সি’, ‘সেভিন’ এবং ‘দোরেনা’। এসব ট্যাংকারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল বলে জানা গেছে।

জাহাজগুলো ঠিক কোন স্থানে আটক করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পেন্টাগন। তবে মেরিন ট্রাফিকের তথ্য বলছে, ভারত মহাসাগরের একটি অঞ্চলে অভিযান চালিয়ে জাহাজগুলো আটক করা হয়। ওই এলাকা শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ভারতের কাছাকাছি।

তথ্য অনুযায়ী, ‘ডিপ সি’ ছিল একটি সুপারট্যাংকার এবং আটক করার সময় আংশিকভাবে তেলভর্তি ছিল। এক সপ্তাহ আগে এটি মালয়েশিয়ার উপকূলে অবস্থান করছিল বলে জানা গেছে।

অন্যদিকে ‘সেভিন’ জাহাজে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর ধারণক্ষমতার বড় অংশ। এটিকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় এক মাস আগে মালয়েশিয়ার কাছে।

তৃতীয় জাহাজ ‘দোরেনা’ সম্পূর্ণভাবে লোডেড অবস্থায় ছিল বলে জানা যায়। এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। তিন দিন আগে এটি ভারত মহাসাগরে ভারতীয় উপকূলের কাছে অবস্থান করছিল।

এর আগে ১২ এপ্রিল ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ইরান কোনো ধরনের বাণিজ্যিক নৌপথ ব্যবহার করতে পারবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি হয়। ওই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক সমুদ্রপথে ইরানি জাহাজ চলাচলে কড়াকড়ি শুরু হয়।

মার্কিন পক্ষের দাবি, অবরোধ কার্যকর করার পর থেকে এ পর্যন্ত ২৯টি ইরানি জাহাজ ও নৌযানকে তাদের গন্তব্য থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন