জাতীয়
ছবি: সংগৃহীত

ওয়াসার পাইপলাইন খননের সময় মাটি ধস, চট্টগ্রামে প্রাণ গেল ২ শ্রমিকের।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলাকালে মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) রাতের দিকে হালিশহর ও আগ্রাবাদ সংযোগস্থল বড়পোল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে পাইপলাইন বসানোর জন্য খননকাজ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলার সময় হঠাৎ ওপর থেকে বড় একটি মাটির স্তূপ ধসে পড়ে চারজন শ্রমিক চাপা পড়েন। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শ্রমিক রাকিব ও তুষার। আহতদের নাম সাগর ও এরশাদ। তারা বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, বা খননকাজে কোনো ত্রুটি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণে রয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বা ওয়াসার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মতামত দিন