ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বিমান ও পর্যটনে বড় বিনিয়োগ পরিকল্পনা, নতুন ১৪ উড়োজাহাজ কিনবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতকে ঢেলে সাজাতে একগুচ্ছ বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে সরকার। নতুন উড়োজাহাজ সংগ্রহ থেকে শুরু করে অবকাঠামো সম্প্রসারণ—সব মিলিয়ে খাতটিকে আধুনিক ও লাভজনক করার রূপরেখা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ১৪টি বোয়িংসহ বিভিন্ন ধরনের উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক চাহিদা মেটাতে কিছু বিমান লিজ নেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, যাত্রীসেবার মান বাড়াতে ও ভোগান্তি কমাতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। অতীতের অনিয়ম ও দুর্নীতির ঘটনাগুলো খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে চলতি বছরের শেষের দিকে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং এ বিষয়ে জাপানের সঙ্গেও বৈঠক হয়েছে।

এদিকে, পর্যটন খাতকে চাঙা করতে কক্সবাজারকে আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন