মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ১১৪ অবৈধ অভিবাসী আটক।
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কুয়ালা ক্রাই জেলার দাবং এলাকায় একটি জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে চালানো অভিযানে বিভিন্ন দেশের ১১৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে কেলান্তান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) সদস্যদের পাশাপাশি একাধিক আইনশৃঙ্খলা সংস্থার যৌথ অংশগ্রহণ ছিল।
আটকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেআইএম কেলান্তানের উপ-পরিচালক নিক আখতারুলহাক নিক আবদুল রহমান।
অভিযানে মোট ৬৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা ছাড়াও স্থানীয় পুলিশ, শ্রম বিভাগ (জেটিকে), পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরা অংশ নেন।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কেলান্তান ইমিগ্রেশন কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বিদেশিদের আশ্রয় দেওয়া বা সহায়তা করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের তথ্য দিতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

মতামত দিন